সোনা চোরাচালানে জড়িত হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও ছয়জন কর্মীকে শনাক্ত করেছে তদন্ত কমিটি।
দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৬২ কেজি সোনা উদ্ধারের ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি এ ছয়জনকে শনাক্ত করে। তাঁরা হলেন এয়ারক্রাফট মেকানিক আক্তারুজ্জামান, আবু সালেহ, আনোয়ারুল আহসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স শাখার মেকানিক মো. এমরানুল ইসলাম, ওসমান গণি ও পরিচ্ছন্নতাকর্মী নিরঞ্জন মালি।
এ ছাড়া তদন্ত প্রতিবেদনে আরও নয়জন বিমানকর্মীকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে তাঁদের পুলিশি তদন্তের আওতায় নেওয়ার সুপারিশ করা হয়েছে। তাঁরা হলেন জুনিয়র ট্রাফিক অফিসার (জেটিও) আমিরুল ইসলাম, বশির উদ্দিন, এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট আনিস উদ্দিন ভূইয়া, টেকনিশিয়ান আবদুর রউফ, পরিচ্ছন্নতাকর্মী রোমেল, মুরাদ, আলমগীর, রনি ও সিরাজ।
গত ২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল বিমানবন্দরের দুবাই থেকে আসা বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দারা। ওই উড়োজাহাজের চারটি টয়লেট এবং মাঝ বরাবর সর্বশেষ সিটের পেছনের অতিরিক্ত লাইফ জ্যাকেট রাখার কেবিনেটের ভেতর লুকিয়ে রাখা ৬২ কেজি ৭৭৪ গ্রাম সোনা তাঁরা উদ্ধার করেন। এই চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গত রাতে প্রথম আলোকে বলেন, কমিটি গতকাল রোববার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
সোনা চোরাচালানে জড়িত হিসেবে তদন্তে বিমানকর্মীদের নাম আসা প্রসঙ্গে বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে নতুন যোগ দেওয়া ব্যবস্থাপনা পরিচালক কাইল হেইয়্যুডের নিষেধাজ্ঞা আছে বলে তাঁরা দাবি করেন। তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, সোনার বারগুলো উড়োজাহাজের বিভিন্ন গুপ্ত স্থানে রাখা হয়েছে। এটা প্রশিক্ষিত ব্যক্তি ছাড়া কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। উড়োজাহাজটি এরপর রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার কথা ছিল। এতে প্রতীয়মান হয় যে পরবর্তী সময়ে প্রকৌশলে হ্যাঙ্গারে নিয়ে বিমানের একশ্রেণির কর্মচারীসহ সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের অভ্যন্তরে বিশেষ কৌশলে পাচার করত।