ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১৪৮ জনের মৃত্যু
গত ছয় মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ১৪৮ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪ হাজার ১০৩ জন। এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১০৪ জন।
বেসরকারি সংস্থা অধিকারের ছয় মাসের মানবাধিকার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক সহিংসতায় নিহতদের মধ্যে হরতাল ও অবরোধের সময় পেট্রলবোমা হামলায় ও আগুনে দগ্ধ হয়ে ৬৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ২২ জন ও বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে একজন মারা গেছেন।
অধিকার বলছে, ছয় মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহত ১০৪ জনের মধ্যে পুলিশের হাতে ৫৫ জন, র্যাবের হাতে ২১ জন, বিজিবির হাতে দুজন ও একজন যৌথ বাহিনীর হাতে নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের নির্যাতনে তিনজন মারা গেছেন। নিহত ১০৪ জনের মধ্যে ১৯ জন বিএনপির নেতা-কর্মী, ১৪ জন জামায়াতে ইসলামীর সদস্য, একজন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য, ছয়জন অজ্ঞাত যুবক, দুজন গাড়িচালক ও পাঁচজন মানব পাচারকারী।
এ ছাড়া এই ছয় মাসে ৩০ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পায়ে গুলি করেছে। গুম হয়েছেন ৩৮ জন, যৌতুকের কারণে সহিংসতার শিকার হয়েছেন ৮৪ জন, ধর্ষণের শিকার ২৯৮ জন, অ্যাসিড-সহিংসতার শিকার ২৫ জন এবং গণপিটুনিতে মারা গেছেন ৬৮ জন।