ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছয় শিক্ষার্থীকে মারধরের পর হল ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।
অভিযোগ পাওয়া গেছে, গতকাল শুক্রবার দুপুরে এফ রহমান হলের ৩১১ নম্বর কক্ষে নিয়ে ওই ছয় শিক্ষার্থীকে মারধর করা হয়। তবে রুহুল আমিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
ওই হল শাখা ছাত্রলীগের পদধারী একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ গতকাল আলোচনা সভার আয়োজন করে। এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ কর্মসূচিতে যোগ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের এক কর্মীকে মারধরের পর ওই ছয়জনকে মারধর করা হয়।
ওই হল শাখা ছাত্রলীগের একটি সূত্র জানায়, কর্মসূচিতে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ১০টার দিকে হলের অতিথি কক্ষে জড়ো হন নেতা-কর্মীরা। সেখানে উপস্থিতি কম দেখে হল শাখার সাধারণ সম্পাদক তাঁর অনুসারী মাসুম হোসেনকে গণরুমগুলোতে খোঁজ নিতে পাঠান। তিনি ১১০ নম্বর কক্ষে গিয়ে দেখেন, আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইউসুফ হোসেন শুয়ে আছেন। তিনি বেশ কয়েকবার ডাকার পরও ইউসুফ না ওঠায় তিনি তাঁকে মারধর করার হুমকি দিয়ে চলে আসেন।
মারধরের শিকার এক শিক্ষার্থী ও ইউসুফের সহপাঠী বলেন, সবাই কর্মসূচিতে যাওয়ার পর ইউসুফও টিএসসিতে যান। সেখানে বিষয়টি নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা সবাই মিলে হল শাখা ছাত্রলীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক মাসুদ আলম এবং সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদের কাছে এ বিষয়ে বিচার দেন। এই দুই নেতা মাসুমকে মারধর করার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে হলে ফিরে ইউসুফ ১০-১২ জন বন্ধুকে নিয়ে মাসুমকে মারধর করেন। একপর্যায়ে মাসুম দৌড়ে গিয়ে ২১১ নম্বর কক্ষে আশ্রয় নেন। পরে হলের সাধারণ সম্পাদক রুহুল আমিন তাঁর অনুসারীদের নিয়ে ৩১৫ নম্বর কক্ষে ইউসুফসহ প্রথম বর্ষের ওই শিক্ষার্থীদের ডেকে বিচার শুরু করেন। একপর্যায়ে তাঁদের রড, হকিস্টিক ও স্টাম্প দিয়ে মারধর করা হয়। এ সময় রুহুল আমিন তাঁদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।