ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও প্রাইম ব্যাংক থেকে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদমজী ইপিজেডে অবস্থিত এএমসিএস টেক্সটাইলের সাবেক চেয়ারম্যান চাঁদ মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে তিনটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার কমিশন এই তিন মামলার অনুমোদন দিয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর উপপরিচালক আবু বকর সিদ্দিক আজ সোমবার মামলাগুলো দায়ের করবেন। তিন মামলায় আসামিদের বিরুদ্ধে মোট ১৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ১০৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে। তিনটি মামলাতেই চাঁদ মিয়া আসামি হচ্ছেন।
দুদক জানায়, চাঁদ মিয়া কমার্শিয়াল ব্যাংক অব সিলনের গুলশান শাখায় এএমসিএস টেক্সটাইলের হিসাব থেকে তাঁর স্ত্রীর হিসাবে ১২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ১০৩ টাকা স্থানান্তর করে তা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গুলশান থানায় চাঁদ মিয়া ও তাঁর স্ত্রী রাশেদা খাতুনকে আসামি করে মামলা করা হবে।
একই ব্যাংকের ধানমন্ডি শাখায় এএমসিএস টেক্সটাইলের হিসাব থেকে ১ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা সরানোর অভিযোগে চাঁদ মিয়াসহ পাঁচজনকে আসামি করে ধানমন্ডি থানায় আরেকটি মামলা করা হবে। বাকি চারজন হলেন এএমসিএস টেক্সটাইলের সাবেক এমডি জিল্লুর রহমান, মহিউদ্দিন শিকদার, আসলাম মিয়া ও আবু সাঈদ চৌধুরী।
এ ছাড়া প্রাইম ব্যাংকের মতিঝিল সাধারণ বীমা করপোরেশন শাখায় এএমসিএস টেক্সটাইলের হিসাব থেকে ৭ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চাঁদ মিয়াকে আসামি করে মতিঝিল থানায় আরেকটি মামলা করা হবে। ওই টাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে বলে দুদক প্রমাণ পেয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় নজরুল ইসলাম নিহত হওয়ায় তাঁকে মামলায় আসামি করা হবে না।