ছাউনিগুলো যাত্রীর জন্য নয়!

যাত্রী বা পথচারীদের জন্য তৈরি করা ছাউনিগুলোর বেশির ভাগই দখল হয়ে গেছে। অনেকগুলো পড়ে আছে অযত্ন-অবহেলায়। কোনোটিতে বসেছে দোকান, কোনোটিতে যাত্রীদের বসার বেঞ্চ পর্যন্ত তুলে ফেলা হয়েছে। রাতের বেলা এগুলো হয়ে ওঠে মাদকসেবীদের নিরাপদ স্থান। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কয়েকটি যাত্রী ছাউনি এলাকা ঘুরে এমন চিত্র মিলেছে।
ডিএনসিসি সূত্র জানায়, এই সিটি করপোরেশন এলাকায় ১০০টির মতো যাত্রী ছাউনি রয়েছে। এর মধ্যে করপোরেশনের তত্ত্বাবধানে আছে ২৯টি। সেগুলোও ঠিকমতো দেখভাল করা হয় না বলে অভিযোগ আছে। পথচারীরা অভিযোগ করেন, প্রখর রোদ কিংবা হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে বা গন্তব্যে পৌঁছানোর গাড়ি না আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য এসব যাত্রী ছাউনি। অথচ তাঁরা এগুলো ব্যবহার করতে পারেন না।
শ্যামলী শিশুমেলা এলাকা ঘুরে দেখা গেল, সামনের ফুটপাতের ওপর তৈরি যাত্রী ছাউনিতে বসার কোনো জায়গা নেই। পাশে অবৈধ দোকানপাট। পেছনে খাবার হোটেল। সব সময় বখাটেদের ভিড় লেগে আছে। অনেক সময় যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে অপেক্ষা করাও যায় না।
শ্যামলী কলেজ গেট এলাকার যাত্রী ছাউনিতে দেখা গেল ব্যবসাপ্রতিষ্ঠান। চেয়ার–টেবিল বসিয়ে অস্থায়ী মুঠোফোন রিচার্জ করার ব্যবসা চলছে। পান–সিগারেটের দোকানও আছে। ছাউনির ভেতরে অস্থায়ীভাবে তৈরি হয়েছে টিকিট কাউন্টার। ফলে ফুটপাত দিয়ে চলাচলের সময় পথচারীরা সমস্যায় পড়েন। পাশাপাশি থাকা দুটি ছাউনিরই ভেতরে-বাইরে ময়লা–আবর্জনা।
একই অবস্থা ইন্দিরা রোডের যাত্রী ছাউনির। এর সামনের অংশ ময়লা–আবর্জনায় ভরে গেছে। ভেতরে পুরো জায়গাজুড়ে খাবার হোটেল। হোটেলের পরিত্যক্ত জিনিস ফেলা হচ্ছে ছাউনিটির সামনে। দেয়ালে ছেঁড়া পোস্টার, বিজ্ঞাপন। ফলে সৌন্দর্যই হারিয়ে গেছে।
আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দেখা গেল পরপর তিনটি ছাউনি। মিরপুর ১০ নম্বর এলাকার মোড়ে সব সময় বাস–ট্রাকের ভিড় লেগেই থাকে। অথচ এখানে রয়েছে মাত্র একটি ছাউনি। এখানে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়-৪। দেয়ালের সামনে যাত্রীদের জন্য তৈরি হয়েছে ছাউনি। ভেতর বসার জায়গা নেই। ফুটপাতে দোকানের কারণে হাঁটার অবস্থাও নেই।
সাতমসজিদ রোড এলাকায় বিআরটিসির বাসের জন্য অপেক্ষমাণ যাত্রী হাবিবুল বাশার বলেন, ছাউনিগুলো যাত্রীদের জন্য তৈরি। অথচ এসব ছাউনির বেহাল দশা। প্রশাসনের উচিত এগুলো নিয়মিত দেখাশোনা করা।
জানতে চাইলে ডিএনসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, করপোরেশনের ১০০টি যাত্রী ছাউনির মধ্যে মাত্র ২৯টি হাতে আছে। বাকিগুলো নিয়ে মামলা চলছে। রিট আবেদন করে উদ্ধারের চেষ্টা চলছে। এ কারণে এই হাল।