ছাগল খেল ধান, কৃষকের গেল প্রাণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তোজাম্মেল হক (৫২) নামের এক কৃষক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন তাঁর দুই ছেলে বাসির (২৭) ও নাসির (২৫)। তাঁদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সরলা গ্রামে ফারুক আলী নামের এক ব্যক্তির ছাগল একই গ্রামের তোজাম্মেল হকের জমির ধান খায়। এ সময় তোজাম্মেল হক এবং তাঁর দুই ছেলে বাসির ও নাসির ছাগল ধরে খোঁয়াড়ে (গৃহপালিত পশু বন্দী রাখার ঘর) নেওয়ার চেষ্টা করেন। তখন ফারুক আলী লোকজন নিয়ে পথরোধ করে তাঁদের ওপর হামলা চালান। বেধড়ক মারধরে তাঁরা গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তোজাম্মেল মারা যান।
ওসি বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।