ছাগলনাইয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী জসিম উদ্দিন পাটোয়ারীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউসুফ মজুমদার জানান, পাটোয়ারী জুয়েলার্সের মালিক জসিম উদ্দিন পাটোয়ারী গতকাল রাত আটটার দিকে দোকান বন্ধ করে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। কিছুদূর যাওয়ার পর উপজেলা চত্বর এলাকায় পাঁচ-সাতজন দুর্বৃত্ত অটোরিকশা থামায়। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগে দোকানের চাবিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক আহত স্বর্ণ ব্যবসায়ীকে দেখতে ফেনী সদর হাসপাতালে যান।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, পূর্ববিরোধের জের ধরে জসিম উদ্দিনের ওপর হামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার প্রতিবাদে উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরা আজ মঙ্গলবার সকালে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন ছাগলনাইয়া জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি।