ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে গতকাল মঙ্গলবার ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল এ মামলা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, ইসির সিদ্ধান্তের ভিত্তিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসক আমিন উল আহসানের পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মেজবাউল হায়দার চৌধুরীকে ইসির নির্দেশনা অনুসারে একটি চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে গতকাল মঙ্গলবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। তিনি গতকাল সেই চিঠির জবাব দিয়েছেন।
সূত্র জানায়, গত ২৮ এপ্রিল উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগদলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মিসভা হয়। সভায় মেজবাউল হায়দার চৌধুরী দলের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাঁরা কাজ করবেন, তাঁদের গুলি করার নির্দেশ দেন। অন্য প্রার্থীরা চেয়ারম্যানের এ বক্তব্যের অডিও রেকর্ডসহ অন্যান্য তথ্য ইসির নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হলো। ওই সভায় মেজবাউল হায়দার চৌধুরী ঘোষণা করেন, ঘোপাল ইউপিতে কোনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী থাকতে পারবে না। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মী বিদ্রোহীদের পক্ষে গেলে তাঁদের পিঠের চামড়া থাকবে না। আগামী ৭ তারিখের পরও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। কেউ তখন পার পাবে না। ৭ মে ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউপিতে ভোট।
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, একটি বিশেষ মহল তাঁর ক্ষতি করার জন্য এসব মিথ্যা প্রচারণা চালাচ্ছে।