ছাগলনাইয়ার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও রনি বাহিনীর প্রধান মোশাররফ হোসেন ওরফে রনিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর কহুমা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোশাররফ হোসেনের বাড়ি উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তিনি উপজেলার ঘোপাল ইউনিয়ন শাখা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কোহিনুর বেগমের ছেলে। মোশাররফ স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
ছাগলনাইয়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে উত্তর কহুমা এলাকায় অভিযান চালিয়ে ছাগলনাইয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশাররফকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফেনী, ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই থানায় খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা আছে। ১০টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মোশাররফকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, সম্প্রতি পুলিশ ও র্যা ব রনি বাহিনীর ব্যবহৃত বেশ কিছু অস্ত্র উদ্ধার করে।