ছাগলনাইয়ায় অস্ত্রসহ নয় ডাকাত গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়ায় গত সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সূত্র এ কথা জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মহিউদ্দিন ওরফে বাদল, মো. হেলাল উদ্দিন, মো. রাকিব, আবদুল হালিম, মোশারফ হোসেন, মাঈনুদ্দিন, সফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন ও মো. টিপু।
ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী ফারুক বলেন, ডাকাত দলের প্রধান মহিউদ্দিন ওরফে বাদলের পৈতৃক বাড়ি ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামে। তিনি বর্তমানে রাঙামাটির কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
র্যাব সূত্র জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে দুর্গাপুর সিংহনগর গ্রামে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। র্যাব সদস্যরা ডাকাত দলকে ঘেরাও করে নয়জনকে আটক করেন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, চারটি দেশে তৈরি বন্দুক, তিনটি পিস্তলের গুলি, ৩৩টি রাবার বুলেট, একটি ছোরা, একটি চাপাতি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার র্যাব-৭ ফেনী ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।