ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকা থেকে গতকাল সোমবার আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ হায়াতুন নবী নয়ন (২৭) ও রিয়াজ (২৫) নামে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে র্যাব।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে মুহুরীগঞ্জ এলাকা থেকে হায়াতুন নবী ও রিয়াজকে আটক করা হয়। আটকের প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ও গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনেরা মুহুরীগঞ্জ এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। অবরোধ তুলে দিতে চাইলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে র্যাব এসে পুলিশের সঙ্গে যোগ দিয়ে অবরোধকারীদের হটিয়ে দিলে প্রায় ৪৫ মিনিট পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন অবরোধকারী আহত হন। তাঁদের মধ্যে আবেদা আক্তার, নুরুজ্জামান, খুরশিদ আলম ও আরিফের নাম জানা গেছে। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী স্বপন বলেন, আটক দুজন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তাঁদের পদ-পদবি নেই। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ মহিউদ্দিন বলেন, ওই দুই ব্যক্তিকে দুটি এলজি, আটটি এলজির গুলি, তিনটি রাইফেলের গুলি ও ১৩ বোতল ফেনসিডিলসহ মুহুরীগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি জানান, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে র্যাব চার-পাঁচটি রাবার বুলেট ছুঁড়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, আটক ব্যক্তিরা র্যাবের হেফাজতে আছেন। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।