ছাগলনাইয়ায় বিএনপি নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হিচাছড়া গ্রামে স্থানীয় ছোট একটি খাল থেকে আজ শুক্রবার সকালে একরামুল হক মজুমদার (৬০) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ বলছে, তিনি ওই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও পরিবার বলছে, একরামুল গতকাল বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গরু আনতে যান। বিকেলেও বাড়ি ফিরে না আসায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে রাতে তাঁর স্ত্রী ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশে হিচাছড়া ছরায় (স্থানীয় ছোট খাল) একরামুলের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরীর ভাষ্য, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।