ছাগলনাইয়ায় বিএনপি নেতার লাশ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হিচাছড়া গ্রামের একটি খাল থেকে গতকাল শুক্রবার সকালে একরামুল হক মজুমদার (৬০) নামের বিএনপির এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
একরামুল হকের বাড়ি হিচাছড়া গ্রামে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, তাঁকে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়া হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, একরামুল হক গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনার কথা বলে বের হন। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশে খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। খাল থেকে লাশ তোলার পর একরামুল হকের বড় ভাই আবু তৈয়ব মজুমদার লাশটি শনাক্ত করেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও ময়নাতদন্তকারী চিকিৎসক অসীম কুমার সাহা জানান, একরামুল হকের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় আবু তৈয়ব মজুমদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।