ছাগলে খেল খেত, প্রাণ গেল যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে জিহাদ ফকির (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার নদীয়া বাজারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ছাগলে খেতের ফসল খাওয়া নিয়ে এ ঘটনার সূত্রপাত।

কৃষক জিহাদের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা দুইটার দিকে জিহাদের একটি ছাগল একই গ্রামের মতিয়ার শেখের (৩৬) জমিতে গিয়ে ফসল খাওয়া শুরু করে। এ নিয়ে জিহাদের সঙ্গে মতিয়ারের কথা-কাটাকাটি হয়। পরবর্তী সময়ে তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জিহাদের বাড়িতে গিয়ে মা, বাবা, স্ত্রী ও দুই সন্তানের সামনে লাঠি ও রড দিয়ে পেটান। গুরুতর আহত জিহাদকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ময়নাতদন্তের জন্য জিহাদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিহাদের বাবা আবদুর রউফ ফকির বাদী হয়ে আজ রোববার দুপুরে নয়জনকে আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেছেন।