ছাগলে গাছ খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ছাগলে খেতের মিষ্টি আলুর গাছ খাওয়ার ঘটনা নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, গতকাল সকালে কৃষ্ণপুরের দুলাল মিয়ার ছাগল প্রতিবেশী সফর উদ্দিনের খেতের মিষ্টি আলুর গাছ খেয়ে ফেলে। এ কারণে সফর উদ্দিনের ছেলে মিনহাজ ছাগল ধরতে যায়। এ সময় দুলাল মিয়ার লোকজন মিনহাজের ওপর হামলা চালায়। পরে সফর উদ্দিনের লোকজন খবর পেয়ে এগিয়ে আসে। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন গুরুতর আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে আব্বাস আলী, কমলা বেগম, রিক্তা বেগম, জাহানারা বেগমসহ ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সফর উদ্দিন অভিযোগ করেন, ‘আমার খেতের আলুগাছ দুলালের ছাগল খাইতেছিল। ছাগল ধরতে গেলে দুলালের লোকজন আমাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।’ দুলাল মিয়া হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাগল ধরতে গেলে আমাদের লোকজনের সঙ্গে ওদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।’
সরিষাবাড়ী থানার ওসি মো. বিল্লাল উদ্দিন জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।