ছাগলে ধানগাছ খাওয়ার বিবাদে মানুষ খুন
ছাগলে ধান গাছ খেয়েছে তা নিয়ে বিবাদ। এই বিবাদের জেরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কুমিল্লার তিতাস উপজেলার হারইকান্দি গ্রামের শাহ আলম (৩৮) খুন হয়েছেন। তিতাস থানার উপপরিদর্শক (এসআই) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহ আলমের দুই হাত ও পায়ে টেটাবিদ্ধ (মাছ ধরার বর্শা জাতীয় যন্ত্র) ছিল। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল আমিন শাহ আলমকে মৃত ঘোষণা করেন। রাত পর্যন্ত লাশ তিতাস থানা পুলিশ হেফাজতে রাখা ছিল। থানা পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলাকান্দি ইউনিয়নের হারইকান্দি গ্রামের আওয়ামী লীগ সমর্থক শাহ আলমের পালিত একটি ছাগল তাঁর চাচাতো ভাই আলাউদ্দিনের জমির ধান গাছ খাওয়ায় বিবাদ সৃষ্টি হয়। রাত সাড়ে আটটার দিকে গ্রামের রাস্তায় শাহ আলমকে দুই হাত ও পায়ে টেটাবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তিতাস থানার উপপরিদর্শক বলেন, ‘শাহ আলমের পালিত একটি ছাগল তাঁর চাচাতো ভাই আলাউদ্দিনের ধানের জমিতে গিয়ে ধান খেয়েছে এমন অভিযোগ পেয়ে রাতে শাহ আলমকে একা পেয়ে আলাউদ্দিনের লোকজন টেটাবিদ্ধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ কলাকান্দি বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি বিবাদমান দলে (ইব্রাহীম ও বাহার গ্রুপ) বিভক্ত হয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। ইব্রাহীম গ্রুপের সমর্থক আলাউদ্দিন ও শাহ আলম বাহার গ্রুপের সমর্থক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।