ছাগলে ফসল নষ্ট করায় ছুরিকাঘাতে কৃষিশ্রমিক নিহত

শেরপুরের নকলা উপজেলায় ছাগলে খেতের ফসল নষ্ট করা নিয়ে ছুরিকাঘাতে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার রুনীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম আবদুল বারেক (৫৫)। তিনি গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও গ্রামের নওয়াব আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রুনীগাঁও গ্রামের কৃষক সোহেলের একটি ছাগল প্রতিবেশী আহসান কবীরের বোরোখেতে গিয়ে বীজতলা নষ্ট করে। এ নিয়ে সোহেল ও আহসান কবীরের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। কৃষিশ্রমিক আবদুল বারেক বাগ্বিতণ্ডা থামানোর চেষ্টা করতে গেলে তাঁর সঙ্গেও আহসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী উভয় পক্ষকে শান্ত করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন। এরপর বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে বারেক ঘাস কাটতে যাওয়ার সময় আহসান কবীর পেছন থেকে তাঁকে ছুরিকাঘাত করেন। এতে বারেক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত বারকের ছেলে মো. শামীম বাদী হয়ে আহসান কবীরকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে নকলা থানায় হত্যা মামলা করেছেন। পরে পুলিশ আহসান কবীরকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।