ছাগলের খামারে ২২টি পিস্তল!
চাঁপাইনবাবগঞ্জে ২২টি বিদেশি পিস্তল, ১৩৬টি গুলি ও ৪৫টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পৌর এলাকার শংকরবাটি মহল্লার একটি ছাগলের খামার থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে শংকরবাটি মহল্লার একটি বাড়িতে গড়ে তোলা ছাগলের খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি খামারটি থেকে ২৯টি ছাগল জব্দ করা হয়। মো. শাহিন নামের এক ব্যক্তি বাড়িটির মালিক। অস্ত্র-গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শাহিনের সৎমাকে থানায় নেওয়া হয়েছে।
এসপি টি এম মোজাহিদুল অস্ত্রগুলো উদ্ধারের পর সাংবাদিকদের জানান, নাশকতার জন্য ওই অস্ত্রগুলো দেশের বাইরে থেকে নিয়ে এসে ওই খামারে জড়ো করা হয়েছিল। অস্ত্রগুলো ছাগলবাহী ট্রাকে করে জেলার বাইরে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হতো। পুলিশের অভিযানের আগেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।