ছাগলের হাট, তাই বন্ধ

রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজারের খোদাবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়াতেই কিছুটা থমকে যেতে হলো। কারণ, লোকজন ছাগল নিয়ে ভেতরে প্রবেশ করছেন আর বের হচ্ছেন। ভেতরে গিয়ে দেখা গেল, বিদ্যালয় লাগোয়া সামনের জায়গায় ছাগলের হাট। ওপরে টিনের ছাউনি দিয়ে স্থায়ীভাবেই এই হাট বসানো হয়েছে। শুধু হাট নয়, জবাইখানাও আছে।
গত বুধবার দুপুরে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবেশটি এমন হয়ে যায় যে এখানে আর বিদ্যালয় থাকার সুযোগ ছিল না। ফলে বিদ্যালয়টির কার্যক্রম কয়েক বছর ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বর্তমানে বিদ্যালয়টির ভবনে শিশু কল্যাণ ট্রাস্টের অধীন কারিগরি শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। কিন্তু এখানেও শিক্ষার্থী কম। মাত্র ৪৫ জন।
স্থানীয় লোকজন জানালেন, আগে ১৫ দিন পরপর হাট বসত। পরে এক সপ্তাহ ও এখন স্থায়ী হাট বসছে।
বাজার নিয়ন্ত্রণকারীদের একজন মজনু শিকদার দাবি করেন, বাজারের মধ্যে বিদ্যালয় থাকায় ছাত্র হয় না। ফলে বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে। মাঠে হাট বসানো হলো কেন জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে সমস্যা আছে।