ছাড়া পেলেন ভুয়া পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অসচেতনতায় ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার দিতে এসে আটক এক ভুয়া পরীক্ষার্থী গত বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন। ওই ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো অভিযোগ না দেওয়ায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার ছিল। এ সময় সাক্ষাৎকার দিতে আসেন ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জের আশরাফুল ইসলাম। সে সময় প্রবেশপত্রের ছবি ও প্রদত্ত তথ্যের মিল না থাকায় পরীক্ষার বোর্ডে উপস্থিত শিক্ষকেরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি আরেকজনের হয়ে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়। প্রক্টর তাঁকে বিশ্ববিদ্যালয় থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু আশরাফুলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট কোনো অভিযোগ না থাকায় পুলিশ ওই দিন রাতে তাঁকে ছেড়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু বলেননি, তাই তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। প্রকৃতপক্ষে ছেলেটি অপরাধ করেনি, আর নিরপরাধ কাউকে শাস্তি দেওয়া যাবে না।
ছেলেটি অপরাধ করার পরও তাঁকে নিরপরাধ বলে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে প্রক্টর কোনো সদুত্তর দিতে পারেননি।