ছাতকে কিশোরকে পিটিয়ে হত্যা আটক ৩
সুনামগঞ্জের ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামে নেছার আহমদ (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল রোববার তিনজনকে আটক করেছে।
নিহত নেছারের বাবার নাম এছলিম উদ্দিন। নেছার ছাতক পেপার মিল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। তাকে হত্যার ঘটনায় একই গ্রামের পাপলু (১৯) এবং পাশের পাটিবাক গ্রামের রুমেন (২০) ও তারেককে (১৮) আটক করা হয়েছে।
পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে নেছার আহমদকে পাপলু, রুমেন ও তারেক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি ফিরে না এলে ঘণ্টা খানেক পর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
ভোর চারটার দিকে আঙিনায় নেছারের কান্না শুনে পরিবারের সদস্যরা বের হয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। গতকাল সকালে বিষয়টি থানা-পুলিশকে জানালে পুলিশ তিনজনকে আটক করে।
নেছার আহমদের বাবা এছলিম উদ্দিন বলেন, কী কারণে ছেলেকে হত্যা করা হয়েছে, তা তিনি বলতে পারেন না।