ছাতকে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দোকান–পেট্রলপাম্পে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকার সুনামগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই সড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলের প্রস্তুতির সময় স্থানীয় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এক পক্ষে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদ মিলনের সমর্থক আর অন্যপক্ষ হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সমর্থক। সংঘর্ষের সময় বাজারের আল-আমিন ফিলিং স্টেশনসহ দুটি দোকান ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ১০ জন কর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আবদুল মুমিন নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে।

কলিমউদ্দিন আহমদ মিলনের সমর্থক ছাত্রদলের নেতা মতিউর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি ফিলিং স্টেশন থেকে তাঁদের ওপর ঢিল ছোড়া হয়। এ কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

মিজানুর রহমান চৌধুরীর সমর্থক ছাত্রদল নেতা গোলাম হোসেন শাকিল বলেন, কোনো উসকানি ছাড়াই প্রতিপক্ষের নেতা-কর্মীরা তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন। এটা পরিকল্পিত হামলা।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। একজনকে আটক করা হয়েছে। আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় এ নিয়ে কেউ অভিযোগ দেয়নি।