ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা একটার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর বাজারে এ সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তিরা হলেন পীরপুর গ্রামের বতু মিয়া (৪৫) ও কবির আহমদ (২৩)। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লিলু আহমদের সঙ্গে একই গ্রামের ময়না মিয়ার মামলা-সংক্রান্ত পূর্ববিরোধ চলছে। এ নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। গতকাল বেলা একটার দিকে পীরপুর বাজারে লিলু আহমদের আত্মীয় সেলিম আহমদের সঙ্গে মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় ময়না মিয়ার আত্মীয় কবির আহমদের। এরপর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কবির আহমদ গুরুতর আহত হন। খবর পেয়ে দুই পক্ষের লোকজন রামদা ও লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন।
গুরুতর আহত কবির আহমদকে সিলেটে নেওয়ার পথে তিনি মারা যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বতু মিয়া।