ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা একটার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর বাজারে এ সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তিরা হলেন পীরপুর গ্রামের বতু মিয়া (৪৫) ও কবির আহমদ (২৩)। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লিলু আহমদের সঙ্গে একই গ্রামের ময়না মিয়ার মামলা-সংক্রান্ত পূর্ববিরোধ চলছে। এ নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। গতকাল বেলা একটার দিকে পীরপুর বাজারে লিলু আহমদের আত্মীয় সেলিম আহমদের সঙ্গে মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় ময়না মিয়ার আত্মীয় কবির আহমদের। এরপর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কবির আহমদ গুরুতর আহত হন। খবর পেয়ে দুই পক্ষের লোকজন রামদা ও লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন।
গুরুতর আহত কবির আহমদকে সিলেটে নেওয়ার পথে তিনি মারা যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বতু মিয়া। নিহত দুজনই ময়না মিয়ার পক্ষের লোক। এ ছাড়া উভয় পক্ষের আহত লুৎফুর রহমান (২৫), ইব্রাহিম আলী (২৩), হারিছ উদ্দিন (৫০), আনহার মিয়া (৩৫), দবির উদ্দিন (২০), জিতু মিয়া (৩২), জুয়েল আহমদ (২২), ফুলতেরা বেগম (৫৫) ও আফিয়া বেগমকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গতকাল বিকেল পাঁচটার দিকে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। মামলা-সংক্রান্ত পূর্ববিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এর আগেও বিভিন্ন সময় তাঁদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনার পর দুই পক্ষের লোকজনই এলাকা ছেড়ে পালিয়েছে। ওসি বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। নিহত দুজনের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।