ছাতকে মারধরে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি রেস্তোরাঁর কর্মচারীদের মারধরে মঞ্জিল মিয়া (৩৫) নামের এক ফলবিক্রেতার মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিগলী চাকলপাড়া গ্রামে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতকের গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে মঞ্জিল মিয়ার একটি ভ্রাম্যমাণ ফলের দোকান আছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি বাজারের নিজাম রেস্তোরাঁয় নাশতা খেতে যান। এ সময় নাশতা দিতে দেরি হওয়ায় মঞ্জিল মিয়ার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মচারীর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রেস্তোরাঁর কর্মচারীরা মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।

এ ব্যাপারে ছাতক থানার উপরিদর্শক (এসআই) নুর আহমদ বলেন, এ ঘটনায় দেলোয়ার হোসেন (২২) নামের একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছেন। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।