ছাতকে মারধরে এক ব্যক্তির মৃত্যু, আটক ১
সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি রেস্তোরাঁর কর্মচারীদের মারধরে মঞ্জিল মিয়া (৩৫) নামের এক ফলবিক্রেতার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
মঞ্জিল মিয়ার বাড়ি উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিগলী চাকলপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতকের গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে মঞ্জিল মিয়ার একটি ভ্রাম্যমাণ ফলের দোকান আছে। বৃহস্পতিবার সকাল নয়টায় তিনি বাজারের নিজাম রেস্তোরাঁয় নাশতা খেতে যান। এ সময় নাশতা দিতে দেরি হওয়ায় মঞ্জিল মিয়ার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মচারীর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রেস্তোরাঁর কর্মচারীরা মিলে তাঁকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।
এ ব্যাপারে ছাতক থানার এসআই নুর আহমদ জানান, এ ঘটনায় দেলোয়ার হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।