সহপাঠীর ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু
সুনামগঞ্জের ছাতকে সহপাঠীর সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল আমিন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শিক্ষার্থী। আল আমিন ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় তাঁর সহপাঠী আক্কাস আলীকে পুলিশ আটক করেছে।
আল আমিন জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের কাছা মিয়ার ছেলে। আর আক্কাস ছাতক উপজেলার চরমহলা ইউনিয়নের চনুয়া গ্রামের রসিক আলীর ছেলে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, আল আমিন ও আক্কাস আলী দুজনই জাউয়াবাজার এলাকার দেবেরচর গ্রামে অন্যের বাড়িতে লজিং থেকে কলেজে লেখাপড়া করেন।
কলেজের অধ্যক্ষ আবদুল গফফার জানান, আজ বেলা ১১টার দিকে আক্কাস তাঁর কক্ষে গিয়ে জানান আল আমিন তাঁকে মারধর করেছেন। এ সময় আক্কাস তাঁর গলায় ও কপালে রক্ত দেখায়। ততক্ষণে আল আমিন কলেজ থেকে চলে গিয়েছিল। পরে অধ্যক্ষ আক্কাস আলীকে বিষয়টি আগামীকাল মঙ্গলবার দেখে দেবেন বলে আশ্বাস দেন এবং এ নিয়ে আর কোনো ঝগড়া না করতে বলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী নাজমুল ইসলামের ভাষ্য, আল আমিনসহ তারা চারজন কলেজ থেকে বের হয়ে বড়কাপন এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে একটি দোকানে চা খাচ্ছিলেন। তখন বেলা একটা হবে। এর কিছুক্ষণ পর সিএনজিচালিত একটি অটোরিকশায় করে আক্কাস আরও তিন-চারজনকে নিয়ে সেখানে যান। অটোরিকশা থেকে নেমেই কোনো কিছু বুঝে ওঠার আগেই আক্কাস ছুরি দিয়ে আল আমিনকে আঘাত করতে থাকেন। এ সময় শিক্ষার্থী দিলোয়ার হোসেন ও জুনেল আহমদ এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করেন আক্কাস আলী। পরে স্থানীয় লোকদের সহায়তায় আহত তিনজনকে স্থানীয় কৈতক পল্লি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আল আমিন মারা যান। আহত দিলোয়ার ও জুনেলকে পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই শিক্ষার্থীর বাড়িও দোয়ারাবাজার উপজেলায়।
কলেজের অধ্যক্ষ আবদুল গফফার বলেন, ‘আমি আক্কাস আলীকে তাঁদের ঝগড়ার বিষয়টি দেখে দেব বলে আশ্বস্ত করেছিলাম। পরে কলেজ থেকে আড়াই কিলোমিটার দূরে গিয়ে তাঁরা আবার ঝগড়া করেছে বলে শুনেছি। তবে কী নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল সেটি কেউ বলতে পারেনি।’
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আক্কাস আলীকে আটক করা হয়েছে। আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।