ছাতকে সংঘর্ষের সময় নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে গত সোমবার সংঘর্ষ চলাকালে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণের সন্ধান গতকাল সন্ধ্যা পর্যন্ত মেলেনি। এ ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল বাসেতের লাশ গতকাল দাফন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ছাতক শহরের ছাতক বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে বিকেল পাঁচটায় জানাজা শেষে আবদুল বাসেতের লাশ এলাকার কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে ছাতক পৌর শহরে খাদেমুল ইসলাম ও শানে রিসালাত নামের দুটি সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুল বাসেত নিহত ও শতাধিক মানুষ আহত হয়। সংঘর্ষের সময় ধাওয়া খেয়ে আরও কয়েকজনের সঙ্গে ছাতক শহরের থানার সামনে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন উপজেলার গণেশপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)। গতকাল দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীতে তাঁর খোঁজে অভিযান চালান।