ছাতকের ওসিকে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান ওরফে বকুল। গত শনিবার সন্ধ্যায় ছাতক প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অলিউর রহমান বলেন, ছাতক থানার ওসি ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। মামলা গ্রহণ, তদন্ত প্রতিবেদন দেওয়াসহ সব কাজেই তাঁকে ঘুষ দিতে হয়। গত শুক্রবার একটি চাঁদাবাজির মামলায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের ইমান আলীসহ তাঁর পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। অথচ ওই দরিদ্র পরিবারকে ভিটাছাড়া করতে গ্রামের প্রভাবশালী একটি পক্ষ এই মিথ্যা মামলা দায়ের করে। ওসি কোনো তদন্ত ছাড়াই ওই প্রভাবশালী পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিরীহ পরিবারের লোকজনকে গ্রেপ্তার করেছেন। তিনি অবিলম্বে ওসিকে ছাতক থানা থেকে প্রত্যাহারের দাবি জানান।
ওসি শাহজালাল মুন্সি বলেন, ‘উনি (উপজেলা চেয়ারম্যান) থানায় নানা সময় তদবির করেন। তদবির না রাখায় এখন ক্ষুব্ধ হয়ে ব্যক্তিস্বার্থে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’