অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতরপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপির নেতা আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে জেলা শহরের মাইজদীকোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা।
পুলিশ জানায়, অবৈধভাবে ৩৮ লাখ টাকার সম্পদ অর্জন এবং সাড়ে তিন লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে গতকাল সকালে সুধারাম থানায় আবদুর রহমানের বিরুদ্ধে দুদক নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান বাদী হয়ে মামলা করেন। আবদুর রহমান ছাতরপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
এ বিষয়ে দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান বলেন, অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলার পর আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০১৫ সালের ছাতরপাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তোফাজ্জল হোসেনসহ দুই ব্যক্তি আবদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে পৃথক দুটি অভিযোগ করেন। এতে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অভিযোগের পর কমিশন আবদুর রহমানের কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায়। তদন্তে আবদুর রহমানের কাছে জ্ঞাত আয়বর্হিভূতভাবে ৩৮ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং দাখিল করা সম্পদ বিবরণীতে সাড়ে তিন লাখ টাকার তথ্য গোপন করার সত্যতা পাওয়া যায়। এ অবস্থায় কমিশন থেকে আবদুর রহমানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়।