ছাতা পড়া ছোলা, পোড়া তেলে ভাজা খাবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন দিনের সেদ্ধ করা ছোলা, তা জানেন না দোকানি নিজেই! সেই ছোলার ওপর ছাতা পড়েছে। ফ্রিজের ভেতরে একসঙ্গে কাঁচা মাছ-মাংস, ডাল, কাবাব, রোল রাখা। প্রতিদিন মুখরোচক খাবারগুলো ভাজা হয় যে তেলে, সেগুলো তো পুড়ে মবিলের চেহারা নিয়েছে। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের জামালখান এলাকার রহমানিয়া কুলিং কর্ণারে অভিযান চালিয়ে এ চিত্র পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পোড়া তেলে খাবার ভাজাসহ নানা অনিয়মের জন্য দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, দোকানটিতে খুবই নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। মসলা, ছোলা, সবজি, জিলাপির রস এতই পুরোনো যে সেগুলো থেকে গন্ধ বের হচ্ছিল। যে তেলে খাবার ভাজা হয়, সেগুলোও কয়েক মাসের পুরোনো। দোকানটিকে জরিমানার পাশাপাশি ৫০ লিটার পোড়া তেল ও ২০ মণ বাসি জিলাপির রস জব্দ করে ফেলে দেওয়া হয়েছে।