ছাত্র অপহরণ করে মুক্তিপণ দাবি
বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন থেকে গত রোববার এক ছাত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা গত মঙ্গলবার ছেলেটির মায়ের কাছে মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করেছে।
অপহৃত রিয়াদ খান (১২) মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় মঙ্গলবার রাতে রিয়াদের বড় ভাই মামুন খান মংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রিয়াদের মা নাজমা বেগম বলেন, রিয়াদ খান চার বছর ধরে ইউনিয়নের মালগাজী গ্রামের কোরবান আলী মাদ্রাসা ও এতিমখানায় হাফেজি পড়ছে। সে মাদ্রাসার ছাত্রাবাসে থাকে। মঙ্গলবার সকালে একটি মুঠোফোন নম্বর থেকে ফোন করে তাঁকে (নাজমা) জানানো হয় রিয়াদ তাদের জিম্মায় আছে। রিয়াদের মুক্তি চাইলে পাঁচ লাখ টাকা দিতে হবে। এরপর আর কোনো ফোন আসেনি।
এ বিষয়ে কোরবান আলী মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহ জামাল বলেন, ‘আমার কাছে রোববার দুপুরে মুঠোফোনে রিয়াদের বড় ভাই মামুনের পরিচয় দিয়ে একটি ফোন আসে। রিয়াদের চাচা গুরুতর অসুস্থ বলে তাকে (রিয়াদকে) দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিতে বলে। সে কথা আমি রিয়াদকে জানাই এবং ছুটি দিই। এরপর মঙ্গলবার সকালে তার মা ফোন করে আমাকে জানায় রিয়াদ বাড়িতে আসেনি এবং চাচার অসুস্থতার খবরও মিথ্যা।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং রিয়াদকে উদ্ধারের চেষ্টা চলছে।