
দুর্ঘটনায় বাবা পঙ্গু হওয়ার পর ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ নিতে বাধ্য হন ছাত্র ইমরান হোসেন (২১)। ট্রাকেই চলত তাঁর পড়াশোনা। গত ৫ ফেব্রুয়ারি বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় চিরদিনের মতো নিভে যায় আত্মপ্রত্যয়ী এই তরুণের জীবনপ্রদীপ।
এখন ইমরানের দেখিয়ে যাওয়া জীবনযুদ্ধের সেই পথেই চলতে হচ্ছে তাঁর বড় ভাই রকি হাসানের। রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ডিএম কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। ইমরানও একই কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁরা উপজেলার শ্রীরামপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
রকি হাসান বলেন, বাবা আয়ুব হোসেন দুর্ঘটনায় পঙ্গু হওয়ার পর ছোট ভাই ইমরান হোসেন তাঁকে শিখিয়ে দেন পড়ালেখার পাশাপাশি অভাবের সংসারের হাল কীভাবে ধরতে হয়। কাজে যাওয়ার সময় ইমরান অন্য জিনিসপত্রের পাশাপাশি গুছিয়ে নিতেন বইখাতা। কাজের ফাঁকে ট্রাকেই পড়াশোনা করতেন। এখন তিনিও (রকি) সংসারের হাল ধরতে ট্রাকচালকের সহকারী হয়েছেন। তাঁর সামান্য আয়ে কোনো রকমে চলছে পুরো সংসার।
গত বৃহস্পতিবার দুপুরে রকিদের বাড়িতে গিয়ে দেখা গেছে, ঘরের মধ্যে শুয়ে আছেন আয়ুব হোসেন। তিনি ট্রাকচালক ছিলেন। দুর্ঘটনায় তাঁর দুই হাত ভেঙে গেলে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। তাঁর ছোট মেয়ে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী মুসলিমা খাতুন জানান, ইমরানের মৃত্যুর পর তাঁর মা জহুরা বেগম মানসিক শক্তি হারিয়ে ফেলেছেন। তিনি সারাক্ষণ ইমরানের অপেক্ষায় পথের দিকে চেয়ে থাকেন। ছেলে কখনো ফিরবেন না—এমন বাস্তবতার কথা মনে হলেই তিনি কান্নায় ভেঙে পড়ছেন।
জহুরা বেগম বলেন, ছোট ছেলেটিকেও পড়ালেখা করা অবস্থাতেই ট্রাকচালকের সহকারী হয়ে কাজে যেতে হয়েছিল। এখন এই ছেলের কিছু হলে তিনি কীভাবে বেঁচে থাকবেন। জহুরা বেগমের ছোট আরও দুটি ছেলে রয়েছে। এর মধ্যে বিজু হোসেন নবম শ্রেণিতে এবং আরেক ছেলে বাসার হোসেন চতুর্থ শ্রেণিতে পড়ছে।
আয়ুব হোসেন জানান, তিনি ট্রাক চালিয়ে সংসার চালাতেন। ১১ শতক জমির ওপর বসতবাড়িটি ছাড়া তাঁর আর কোনো সম্পত্তি নেই। ছেলের মৃত্যুর ছয় মাস আগে এক দুর্ঘটনায় তাঁর দুই হাত ভেঙে যায়। এরপর সংসার আর চলছিল না। তখন ইমরান বাধ্য হয়ে ট্রাকচালকের সহকারী হয়ে কাজে নামেন। মাসে ছয় থেকে সাত হাজার টাকা আয় করতেন তাঁর ছেলে। ওই অর্থ দিয়েই অন্য সন্তানদের পড়াশোনার পাশাপাশি কোনোমতে চলত তাঁদের সংসার। ছেলের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে তাঁকে প্রধানমন্ত্রীর বরাবর একটি আবেদন করতে বলা হয়েছিল। তিনি জেলা প্রশাসকের মাধ্যমে আবেদনও করেন। কিন্তু আজও তিনি কোনো সহযোগিতা পাননি। ছেলে ইমরান যে ট্রাকে কাজ করতেন, সেই ট্রাকের মালিক ৩০ হাজার টাকা দিয়েছিলেন। তা দিয়ে কুলখানি সম্পন্ন করেছেন। এখন সংসারে শুরু হয়েছে চরম অনটন। তাই দেখে বড় ছেলে রকি হাসান ছোট ভাইয়ের পথেই পা বাড়িয়েছেন। হয়েছেন ট্রাকচালকের সহকারী। ছেলের একটা চাকরি হলে তাঁদের সংসারটা বেঁচে যেত।