জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও আবাসিক হলে চার বছর অবস্থান করেছেন এক তরুণ। পূজার ছুটিতে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়। গত শুক্রবার গোপনে হল ছাড়েন ওই তরুণ।
ওই তরুণের নাম আবু জাফর ওরফে মিরাজ (২৪)। তিনি ছাত্র পরিচয় দিয়ে আ ফ ম কামালউদ্দিন হলে থাকতেন। এ হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চার বছর ধরে কারও কাছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, আবার কারও কাছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র পরিচয়ে হলে অবস্থান করছিলেন আবু জাফর। কয়েক মাস ধরে তিনি হলের ৪২০ নম্বর কক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী জুয়েল ইসলামের সঙ্গে অবস্থান করেন।
হলের একাধিক শিক্ষার্থী বলেন, আবু জাফর সারা দিনই হলের বাইরে থাকতেন। রাতে হলে ফিরতেন। কারও সঙ্গে তিনি তেমন মিশতেন না। তবে হলের ৪১তম ব্যাচের দু-একজন ছাত্রের সঙ্গে তাঁকে দেখা যেত। এ জন্য কেউ তাঁকে সন্দেহ করেনি।
জুয়েল ইসলাম বলেন, ‘আবু জাফরকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র বলে জানতাম। গত মে মাসে সে আমার রুমে ওঠে। সে সারা দিন বাইরে থাকত। জিজ্ঞেস করলে বলত, পড়াশোনার জন্য আল-বিরুনী হলে যায়। ওর কোনো বন্ধু রুমে আসত না। গত শুক্রবার জুমার নামাজের পর থেকে এখন পর্যন্ত সে আর রুমে ফেরেনি।’
আবু জাফর এর আগে হলের ১০৫ নম্বর কক্ষে থাকতেন। ওই কক্ষের এক ছাত্র বলেন, আবু জাফরসহ তাঁরা তিনজন ওই কক্ষে থাকতেন। কিন্তু বছর খানেক আগে আবু জাফর সেখান থেকে চলে যান। তারও আগে আবু জাফর হলের ১২৪ নম্বর কক্ষে থাকতেন বলে জানা গেছে। তখন তাঁর সঙ্গে ওই কক্ষে থাকতেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র মো. শাহিন ইসলাম।
শাহিন বলেন, ২০১৪ সালের প্রথম দিকে আবু জাফর তাঁর সঙ্গে থাকতেন। দুই মাসের মতো ছিলেন তিনি। এরপর কয়েকটি কক্ষ ঘুরে সর্বশেষ ৪২০ নম্বর কক্ষে তিনি স্থায়ী হন। শাহিন আরও বলেন, ‘আমি জানতাম সে ম্যানেজমেন্টে পড়ে। একদিন অন্যদের কাছ থেকে জানতে পারি, সে পড়ে অ্যাকাউন্টিংয়ে। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে তাঁর বিভাগ কোনটা জানতে চাইলে সে কোনো উত্তর দেয়নি। এখন শুনছি শুক্রবার থেকে সে হলে নেই।’
এ ঘটনার পর গতকাল রোববার সংশ্লিষ্ট বিভাগ দুটিতে খোঁজ নেওয়া হয়। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি মো. সালাহ উদ্দিন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মো. আউয়াল আল কবীর জানিয়েছেন, তাঁদের বিভাগে এ নামের কোনো ছাত্র নেই।
হলের প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন তালুকদারও হলের নথি ঘেঁটে জানিয়েছেন, এ নামে হলে কোনো ছাত্র নেই।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও আবু জাফর ধরেননি।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভূইয়া মো. এনামুল হাছান বলেন, ‘আমিও বিষয়টি জেনে অবাক হয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’
হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ এ এইচ এম সা’দাৎ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ছাত্র না হয়েও এক তরুণ চার বছর ধরে হলে থাকছে, কেউ বুঝতেও পারেনি। এটি অবাক করার মতো। এ ঘটনায় হলের কোনো ছাত্র জড়িত আছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’