ছাত্র নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার শালমদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রমজান আলী সোনারগাঁ উপজেলার সনমান্দী এলাকার নুরুজ্জামানের ছেলে।
আড়াইহাজার থানা-পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার রিফাত নামে এক ছাত্রের ব্যাগ থেকে ৭০০ টাকা চুরিকে কেন্দ্র করে শিক্ষক হাফেজ রমজান আলী ছাত্র হাফেজ আবু সহিদকে একটি কক্ষে আটকে রেখে রড দিয়ে নির্যাতন চালান। পরে ওই ছাত্রের গোঙানির শব্দ পেয়ে এলাকার লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার হাফেজ আবু সহিদের বাবা জসীমউদ্দিন আড়াইহাজার থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
আড়াইহাজার থানার এসআই এনামুল হক জানান, রমজান আলী তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন।