ছাত্র নিহতের ঘটনায় বহিষ্কৃত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় নয়জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংঘর্ষ ও হত্যার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে গতকাল বৃহস্পতিবার রিজেন্ট বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়। সহকারী প্রক্টর আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হলেও অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয় দিয়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে আসছিলেন। সম্প্রতি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলামের নেতৃত্বে মোশারফবিরোধী একটি পক্ষ সক্রিয় হয়। গত বুধবার দুই পক্ষের সংঘর্ষে মোশারফ গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
সহকারী প্রক্টর আজিজুল হক জানান, গতকাল লিয়াজোঁ অফিসে রিজেন্ট বোর্ডের সভায় সভাপতিত্ব করেন উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। এতে প্রক্টরিয়াল কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বুধবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীরা হলেন মনিরুল ইসলাম (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), সাইদুর রহমান (অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগ), রবিউল হাসান (রসায়ন বিভাগ), ওমর ফারুক (পরিবেশ বিজ্ঞান বিভাগ), মো. ওমর ফারুক (টেক্সটাইল প্রকৌশল বিভাগ), মোহাইমিনুল কাইউম (টেক্সটাইল প্রকৌশল), আশিকুর রহমান (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল), আহাদ খান (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) ও বাবু কিশোর দে (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি)।
সভায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব করা হয়েছে প্রক্টর খাদেমুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন রিজেন্ট বোর্ডের সদস্য আমির হোসেন খান, এ কে এম সায়েদুল হক চৌধুরী ও হাবিবুর রহমান।
প্রক্টর খাদেমুল ইসলাম জানান, সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত অনুমোদিত হয়। এ সংঘর্ষ ও হত্যার ঘটনায় মামলা করারও সিদ্ধান্ত হয়েছে।
মোশারফের দাফন সম্পন্ন: মোশারফকে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুজাটি চরপাড়ায় মোশারফের গ্রামের বাড়িতে নেওয়া হয়। রাতে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।