ছাত্র-পুলিশ সংঘর্ষ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বাংলাভিশনের ক্যামেরা ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি রাবার বুলেট ছোড়ে। এ সময় চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
গতকাল বুধবার বেলা তিনটায় বরিশাল নগরে জিলা স্কুল ক্যাম্পাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের উপপরিদর্শক সত্যরঞ্জন খাসকেল, কনস্টেবল ফিরোজ হোসেন ও আরাফাত আহম্মেদ। তাঁদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আবির হোসাইন, ব্যবস্থাপনা বিভাগের আশীষ ঢালী ও ইসমাইল সরদার এবং আইন বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দিন আগে ক্যাম্পাস-সংলগ্ন হট প্লেট নামের ফাস্ট ফুডের দোকান কর্মচারী মো. সজীব বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর একটি মুঠোফোন চুরি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক সজীবকে চাকরিচ্যুত করেন। গতকাল বেলা আড়াইটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানে হামলা চালাতে যান। সেখানে থাকা পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শফিউল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসের বাইরে ফাস্ট ফুডের দোকানের কর্মচারীদের নিয়ে ঘটনা, যা পরবর্তী সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিলা স্কুল ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বৈঠক করে আটক শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, একটি ফাস্ট ফুডের দোকানে হামলার ঘটনা থামাতে গেলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সেখানে নয়টি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক প্রথম আলোকে বলেন, বাইরের একটি ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন জড়িয়ে পড়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ কয়েকজন ছাত্রকে থানায় নিয়ে গেছে। ছাত্রদের থানা থেকে ছাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।