ছাত্র পেটানোয় অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট রমাকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তহিদুল ইসলাম ওরফে কামরুলকে (১২) মেরে আহত করার অভিযাগে গত বুধবার লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।

তহিদুল ইসলামের বাবা জমশের আলী বাদী হয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল আউয়াল (৪৮) এবং তাঁকে এ কাজে উসকানি দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক আফছার আলী ওরফে বাবুলের (৪৯) বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তহিদুল ইসলাম ও একই শ্রেণির ছাত্র এবং সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের ছেলে রাকিবের মধ্যে ক্লাসের বেঞ্চে বসা নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় বিবাদী আব্দুল আউয়াল ওই শ্রেণিকক্ষে প্রবেশ করে কিছু জিজ্ঞাসা না করে তহিদুলের মাথার চুল ধরে বেদমভাবে মারপিট করেন। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী ওরফে বাবুল ওই শ্রেণিকক্ষে এসে বিবাদী সহকারী শিক্ষক আব্দুল আউয়ালকে বিভিন্নভাবে উসকানি দেন। ফলে বিবাদী আব্দুল আউয়াল আরও বেশি ক্ষিপ্ত হয়ে তহিদুলের গলা ধাক্কা দিয়ে ক্লাসের মেঝের ওপর চিৎ করে ফেলে দেন এবং পায়ের জুতা দ্বারা তহিদুলকে উপর্যুপরি লাথি মারেন। এতে তহিদুলের মুখ দিয়ে রক্ত বের হয় ও সে মুমূর্ষু হয়ে পড়ে। এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্য ছাত্রছাত্রীরা চিৎকার করতে থাকলে বিদ্যালয়ের আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
প্রধান শিক্ষক আফছার আলী বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবে জড়িত না থাকলেও আমার বিরুদ্ধে মামলা হওয়ার কথা শুনেছি।’ তিনি বলেন, ‘আমার যা বলার ছিল তা লিখিতভাবে শিক্ষা অফিসের তদন্ত কমিটির কাছে জানিয়েছি।’
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, ঘটনাটির তদন্ত করে তদন্ত প্রতিবেদনের আলোকে সহকারী শিক্ষক আব্দুল আউয়ালকে ইতিমধ্যে সামায়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার কথা শুনেছি, দাপ্তরিকভাবে মামলার কাগজ পাওয়ার পর ঊর্ধ্বতন মহলের নির্দেশনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আউয়ালকে প্রধান আসামি করে এবং তাঁকে উসকানির মাধ্যমে সহায়তা করার অভিযোগে প্রধান শিক্ষক আফছার আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুরুতর অসুস্থ অবস্থায় শিক্ষার্থী তহিদুল ইসলাম লালমনিরহাট সদর হাসপাতাল থেকে গত বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। সেখান থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। তহিদুল ইসলামের বড় ভাই কবির হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রংপুর থেকে বাড়িতে আসার পর আমার ছোট ভাই তহিদুল পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।