ছাত্র পেটানোর অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকায় ছাত্র পেটানোর অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম আসাদুল্লাহ আল গালিব। তার বাড়ি নগরের শ্যামপুর এলাকায়। সে তেরখাদিয়া এলাকার মসজিদুল আব্রার মাদ্রাসার ছাত্র। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম এমরান হোসেন (২৬)। তাঁর বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।
এ বিষয়ে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন মাদ্রাসার ভেতরে ছাত্র পেটানোর বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে ঘেরাও করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় শিক্ষক এমরানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় ওই শিক্ষককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে পরে মামলা হলে তাঁকে আসামি হিসেবে সেই মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
গতকাল শনিবার বিকেলে হাসপাতালে গালিবের সঙ্গে কথা বলে জানা যায়, সে আসরের নামাজের সময় একবার বাথরুমে গিয়েছিল। আবার এশার নামাজের সময় বাথরুমে যেতে চাইলে ছোট হুজুর নাজমুল হক আপত্তি করেন এবং একপর্যায়ে এ বিষয়ে বড় হুজুর এমরান হোসেনের কাছে অভিযোগ করেন।
এমরান হোসেন এসে তাকে বেত দিয়ে পেটাতে শুরু করেন। একপর্যায়ে লাথি মারতে থাকেন।