ছাত্র পেটানোর ঘটনায় পাঁচ শিক্ষক বরখাস্ত
দিনাজপুর সদর উপজেলার নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্র আবু সাঈদকে (৯) পেটানোর ঘটনায় পাঁচ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সাঈদের বাবা হাসান আলীর করা মামলায় তিন শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
টাকা চুরির অভিযোগে ১৫ মে সাঈদকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে তিন শিক্ষকের বিরুদ্ধে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সাঈদকে। হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জানান, সাঈদ আশঙ্কামুক্ত। তবে আরও দু-এক দিন হাসপাতালে থাকতে হবে।
মাদ্রাসার সভাপতি ও কমলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এলাকাবাসী ও অভিভাবকদের উপস্থিতিতে পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষকেরা হলেন রেজাউল ইসলাম, রিয়াজুল ইসলাম, শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা ও সাজ্জাদুর রহমান। এর মধ্যে প্রথম তিনজন আবু সাঈদের বাবার করা মামলার আসামি।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে ওই তিন শিক্ষক শিশু সাঈদকে পেটানোর কথা স্বীকার করেছেন। মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।