ছাত্র ফেডারেশনের কর্মসূচিতে পুলিশের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বটতলী স্টেশন থেকে পুনরায় শাটল ট্রেন চালুর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের চলমান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময় এ ঘটনা ঘটে। এতে ওই সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী সামান্য আহত হন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রেললাইন সংস্কারের কারণ দেখিয়ে গত বছরের ৩১ সেপ্টেম্বর থেকে নগরের বটতলী স্টেশনের পরিবর্তে ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে রেললাইনের সংস্কার কাজ শেষ হলেও এত দিন ধরে বটতলী স্টেশন থেকে পুনরায় শাটল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বেশ কয়েক দিন ধরে কর্মসূচি পালন করে আসছে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। এর অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের সদস্যরা বেশ কয়েকবার এসে কর্মসূচি সংক্ষিপ্ত করতে বলে যায়। কিন্তু এর পরও কর্মসূচি পালন করতে থাকলে একপর্যায়ে পুলিশের সদস্যদের সঙ্গে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ ধাক্কা দিতে দিতে তাদের সরিয়ে দেয় এবং কয়েকজন শিক্ষার্থীর শার্ট, টি-শার্ট টেনে ছিঁড়ে ফেলে।

এদিকে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বিকুল তাজিমের মেইল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি ও প্রচার সম্পাদক মির্জা ফখরুলসহ প্রায় ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিকুল তাজিম প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিলাম। কিন্তু এর পরও হঠাৎ পুলিশ এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ সংগঠনের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছি। এই হামলা প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের পরিচয়।’

তবে হামলার বিষয়টি অস্বীকার করে পুলিশের হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ‘দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ মিছিলসহ কর্মসূচি চলতে থাকায় রেজিস্ট্রার ভবনে কাজের সমস্যা হচ্ছিল। তাই আমরা তাদের বারবার কর্মসূচি সংক্ষিপ্ত করতে অনুরোধ করি। কিন্তু এর পরও তারা না যাওয়ায় তাদের সরিয়ে দিয়েছি। এর বেশি কিছু না।’