ছাত্র ফেডারেশনের পাঁচ কর্মীকে পেটাল ছাত্রলীগ
নারায়ণগঞ্জে ছাত্রলীগের মিছিলে যোগদান না করা এবং ভর্তি-বাণিজ্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জের ধরে ছাত্র ফেডারেশনের তিন নেতাকে কলেজে আটকে রেখে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। তাঁদের উদ্ধার করতে গেলে ছাত্র ফেডারেশনের আরও দুই কর্মীকে তারা পিটিয়ে আহত করে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় তোলারাম কলেজে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র ফেডারেশন।
তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা বলেছেন, ফেসবুকে ছাত্রলীগের নামে অপপ্রচার চালানোয় ছাত্র ফেডারেশনের কর্মীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। মারধর করা হয়নি।
নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন অভিযোগ করেন, গত ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান নগরে শোভাযাত্রা বের করেন। ওই শোভাযাত্রায় শামীম ওসমানের অনুগত তোলারাম কলেজ শাখার ছাত্রলীগের নেতারা ছাত্র ফেডারেশনের কর্মীদের উপস্থিত থাকতে বলেন। কিন্তু রাজনৈতিক ভিন্ন অবস্থানের কারণে সেই কর্মসূচিতে থাকেনি ছাত্র ফেডারেশ। এর আগে মহিলা কলেজ ও তোলারাম কলেজে ভর্তি-বাণিজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করে আসছিল ছাত্র ফেডারেশন। এ দুই ঘটনার জের ধরে গতকাল সকালে ছাত্রলীগের কর্মী ফয়সাল ছাত্র ফেডারেশনের কর্মী আকাশ এবং তাজকে ফোন করে কলেজে আসতে বলেন। তাঁদের বলা হয় এখনই কলেজে না এলে তোমাদের ভর্তি বাতিল হবে এবং কলেজ থেকে রাশটিকিট দেওয়া হবে। এ কথা শুনে ছাত্র ফেডারেশনের কর্মী তাজউদ্দিন আহমেদ, প্লাবন সাইদ এবং সুজন চন্দ্র কলেজে গেলে তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ছাত্র সংসদ কার্যালয়ে নিয়ে দরজা বন্ধ করে মারধর করেন।
শামীম ওসমানের অনুগত কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াদ, ছাত্রলীগ কর্মী ফয়সাল, ফাহিম, তোফা এবং আসাদের নেতৃত্বে ছাত্র ফেডারেশনের নেতাদের ওপর হামলা চালানো হয়। নিজ সংগঠনের কর্মীদের উদ্ধার করতে কলেজে গেলে ছাত্র ফেডারেশনের কর্মী বিশ্বজিৎ এবং তাপসকেও মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। আহত পাঁচ নেতা-কর্মীকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, আহত ছাত্রদের মধ্যে প্লাবন এবং সুজন বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের ঘাড়, বুক, পেট ও পিঠে আঘাতের চিহ্ন আছে।
এদিকে অভিযুক্ত ছাত্রলীগের কর্মী ফয়সাল হামলার কথা অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিছুদিন আগে কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধর করেছে, এমন কৃতিত্ব নিয়ে ছাত্র ফেডারেশনের ফতুল্লা থানার সভাপতি শুভ্র কুমার তাঁর ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করেন। গতকাল কলেজে তাঁদের ডেকে নিয়ে পোস্টটি মুছে ফেলতে বলা হয় এবং তাঁদের সতর্ক করা হয়।