ছাত্র মৈত্রীর কর্মীদের হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল-২ আসনের সাংসদ ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য শেখ হাফিজুর রহমানকে ‘ভোটকাটা এমপি’ বলায় ছাত্র মৈত্রীর কর্মীরা নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে লাঞ্ছিত করেছেন। গতকাল রোববার বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য স্বপ্না সেন একসঙ্গে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মনিরুল ইসলাম স্বপ্না সেনকে বলেন, ‘আপনার দলের নেতা শেখ হাফিজুর রহমান ভোট কেটে নড়াইল-২ আসনের এমপি হয়েছেন।’ এ কথা শুনে স্বপ্না সেন প্রতিবাদ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে একটি অনুষ্ঠান শেষে বেলা তিনটার দিকে থেকে নিচে নামলে আগে থেকে ওত পেতে থাকা ছাত্র মৈত্রীর কর্মীরা মনিরুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মনিরুল ইসলাম বলেন, ‘স্বপ্না সেন পূর্বপরিকল্পিতভাবে ছাত্র মৈত্রীর কয়েকজন কর্মীকে লেলিয়ে দিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন।’ স্বপ্না সেন অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা ছাত্র মৈত্রীর সভাপতি রসিকুল ইসলাম জানান, মনিরুল ইসলামের সঙ্গে স্বপ্না সেনের কথা-কাটাকাটি হয়েছে। তবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ওরফে জাপল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম ওরফে পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ। বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
সদর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘লোকমুখে শুনেছি, নড়াইল-২ আসনের এমপিকে ভোটকাটা এমপি বলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বিষয়টি জানার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’