ছাত্র-যুব-শ্রমিক লীগের নেতা-কর্মীদের নামে আ.লীগ নেতার মামলা!
বগুড়ার কাহালুতে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের নামে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ। গত শনিবার রাতে কাহালু থানায় তিনি নয়জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরও ১৫-১৬ জনের নামে মামলাটি করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, সভাপতি বাদী হয়ে রাতেই একটি মামলা করেছেন। মামলায় যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আসামি। তবে গ্রেপ্তারের আগে তিনি আসামিদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
গত শনিবার বিকেলে মেয়রের বাড়ি, দোকান ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে গতকাল রোববারও কাহালু উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার দিন বিকেলে হামলাকারীরা কয়েক দফায় ককটেল বিস্ফোরণ, সভাপতির দোকানের ব্যবস্থাপক জাহিদুর রহমানকে (৩৪) মারপিট করে গুরুতর জখম করে। জাহিদুর রহমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রাতেই হেলাল উদ্দিন কবিরাজ এ হামলার জন্য যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন।
উপজেলা যুবলীগের সভাপতি পি এম বেলাল হোসেন বলেন, দলীয় কোন্দল কমবেশি থাকতে পারে। তবে শনিবারের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। খাদ্য গুদামের দখল নিয়ে সভাপতির ছেলের সঙ্গে কয়েকজন নেতা-কর্মীর দ্বন্দ্ব থেকেই ঘটনাটি ঘটেছে।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজের সঙ্গে গতকাল সাত-আটবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।