ছাত্র রক্তাক্তের ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে দেরি করে আসায় গত রোববার পিটিয়ে এক ছাত্রকে রক্তাক্ত করার ঘটনায় নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার ওই ছাত্রকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটিতে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও।
গতকাল প্রথম আলোতে ‘স্কুলে গিয়ে রক্তাক্ত ছাত্র’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) শারমিন ফেরদৌস চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেন। মন্ত্রী ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তাঁকে। সে অনুযায়ী গতকাল দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা পারভিন ও সহকারী শিক্ষক আরিফ কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়।
স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন গতকাল বিকেলে এই প্রতিনিধিকে ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা এবং একটি তদন্ত কমিটি গঠনের বিষয় নিশ্চিত করেছেন।
সপ্তম শ্রেণির ছাত্র অসুস্থ ইকরাম আল কাভি কাব্যর বাবা ইস্রাফিল হক গত রাতে বলেন, উন্নত চিকিৎসার জন্য তাঁর ছেলেকে রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নের পর প্রতিবেদনে আশঙ্কার কিছু নেই বলে জানা গেছে।
ঘটনাটি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলীকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুরাদ হোসেন ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। আগামীকাল রোববারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কাল আহ্বান করা হয়েছে শিক্ষকদের সচেতনতা বৃদ্ধিমূলক এক জরুরি সভা।