নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার দুপুরে ছাত্র, শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে বিদ্যালয় কমিটির এক সদস্যসহ তিনজন আহত হন।
বড়াইগ্রাম থানা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুর রাজ্জাক (৫৪) গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে চলা সংস্কারকাজ দেখতে যান। এ সময় সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন (৫৫) তাঁর কাছে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেন। এতে আবদুর রাজ্জাক খেপে গিয়ে ওই শিক্ষককে লাঠিপেটা করেন। সহকারী শিক্ষক নাজমুল হক (৫৬) তাঁকে বাঁচাতে এগিয়ে এলে ব্যবস্থাপনা কমিটির সদস্য তাঁকেও মারপিট করেন। দুই শিক্ষকের চিৎকারে শিক্ষার্থী ও অন্য শিক্ষকেরা এগিয়ে এলে আবদুর রাজ্জাক বিদ্যালয় ছেড়ে যাওয়ার উদ্যোগ নেন। তখন শিক্ষার্থীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে একটি কক্ষে আটকে পুলিশে খবর দেয়।
ওসি মনিরুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে আবদুর রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত দুই শিক্ষককেও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।