ছাত্র সমাজের সাবেক সভাপতি খুন
জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান ওরফে হিমুকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর রূপনগর বেড়িবাঁধ-সংলগ্ন ইস্টার্ন হাউজিংয়ের একটি খালি প্লটের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত মিজানুর রহমান জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মতলবুর রহমান বলেন, মিজানুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও গলায় কালসিটে দাগ রয়েছে।
বিকেল পাঁচটার দিকে মিজানুরের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসক প্রদীপ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, শ্বাস রোধ, মাথায় ও ঘাড়ে ভারী বস্তুর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা মনে করছেন। যদিও ময়নাতদন্তে তাঁর মাথার ভেতরে একটি গুলি পাওয়া গেছে। তবে মাথায় গুলিবিদ্ধ হলে যেমন রক্তক্ষরণ হওয়ার কথা ছিল, তেমন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ ও ভারী বস্তু দিয়ে আঘাতে তাঁর মৃত্যুর পরে গুলি করা হয়েছে।
মিজানুরের ভাই তাইফুর রহমান প্রথম আলোকে বলেন, গত শনিবার বিকেলে ওয়ারীর বাসা থেকে বের হয়েছিলেন মিজানুর। তারপর থেকে তাঁর ফোন বন্ধ। পরে পুলিশের কাছ থেকে শুনে তাঁরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। বলধা গার্ডেনের ইজারা নিয়ে দ্বন্দ্বের কথা তাঁরা শুনেছেন। এ ছাড়া পারিবারিক কিছু জটিলতাও ছিল।
তাইফুর আরও বলেন, মিজানুর বিবাহিত, তাঁর একটি ছেলে রয়েছে। তিনি মাঝে মাঝে যুক্তরাষ্ট্রে ও মাঝে মাঝে ঢাকায় থাকেন। তিন মাস আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে মিজানুর আরেকটি মেয়েকে বিয়ে করেন। আট ভাই ও তিন বোনের মধ্যে মিজানুর পঞ্চম। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে।
গতকাল সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মিজানুরের লাশ কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে লাশ ওয়ারীতে নেওয়া হয়। এরপর লাশ সিরাজদিখানে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা।
মিজানুরকে হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে কাকরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। কাকরাইলে দলের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলাসহ অন্যরা।