ছাত্র হলে ছাত্রীর প্রবেশ নিয়ে শিবির ও ছাত্রলীগে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ লে. সেলিম হলের একটি কক্ষে বহিরাগত এক ছাত্রী ও ছাত্রকে প্রবেশ করানো নিয়ে গতকাল সোমবার শিবির ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা সোয়া একটার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিফাইনের নেতৃত্বে রংপুর কারমাইকেল কলেজের এক ছাত্রী ও এক ছাত্রকে হলের ২০৮ নম্বর কক্ষে প্রবেশ করানো হয়। ঘটনাটি জানাজানি হলে শিবিরের ২৫-৩০ জন নেতা-কর্মী গিয়ে ওই ছাত্রী ও ছাত্রকে হলের অতিথিকক্ষে নিয়ে আটকে রাখেন এবং হলের ফটকে অবস্থান নেন। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে বেলা দুইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী অবরুদ্ধ হয়ে পড়া সংগঠনটির নেতা-কর্মীদের বের করে আনেন। তখন হলের দ্বিতীয় ব্লকে শিবিরের নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই ছাত্র ও ছাত্রী সম্পর্কে চাচাতো ভাই-বোন। তাঁরা আরেক চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে ওই হলে এসেছিলেন। তাঁদের সম্পর্ক নিয়ে সন্দেহ হওয়ায় হলের কয়েকজন শিক্ষার্থী তাঁদের আটক করে প্রশাসনকে জানান। পরে মুচলেকা নিয়ে ওই দুই ছাত্র-ছাত্রীকে তাঁদের আত্মীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুনের কাছে হস্তান্তর করা হয়েছে।