অপহরণের পর রাজশাহী নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে ওই ছাত্রকে অপহরণ করা হয় এবং দুপুর তিনটার দিকে নগরের বোয়ালিয়া মডেল থানার পুলিশ উদ্ধার করে।
মারধরের কারণে তাঁর নাক ফেটে গেছে এবং বাঁ পা ভেঙে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রের নাম শাহরিয়ার হোসেন। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির (ইউআইটিএস) ছাত্র। তাঁর বাড়ি নওগাঁর মহাদেবপুর থানার আবদুল্লাহপুর গ্রামে। তিনি নগরের সাহেব বাজার এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন।
আটক পাঁচ অপহরণকারী হলেন: নগরের সপুরা এলাকার শফিকুল ইসলামের ছেলে সোয়ান উদ্দীন, মজিবুর রহমানের ছেলে আসাদুর রহমান, রেজাউল করিমের ছেলে ইমরান হোসেন, সাহেব বাজার এলাকার সেলিম শেখের ছেলে ফয়সাল ইবনে সেলিম এবং শাহমখদুম থানা এলাকার ইমরান হুদার ছেলে গালিব আওয়াল।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সপুরা এলাকার মুক্ত লজ ছাত্রাবাসের চতুর্থ তলা থেকে শাহরিয়ারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ অপহরণকারীকে আটক করে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, এক নারীর মাধ্যমে ফোনে শাহরিয়ারকে মুক্ত লজের কাছে ডাকা হয়। এ সময় ওঁত পেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে মুক্ত লজের চার তলায় নিয়ে যায় এবং একটি কক্ষে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে রাজি না হলে তাঁকে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। আটক ব্যক্তিরা অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারধরের কথা স্বীকার করেছেন। ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে।