ছাত্রকে পিটিয়ে জখম করলেন শিক্ষক
মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে গত সোমবার অষ্টম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে জখম করেছেন শিক্ষক। এ ঘটনায় গতকাল মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানম প্রথম আলোকে জানান, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পিটুনির শিকার ছাত্র নূর আরাফাত তূর্য বলে, সোমবার অষ্টম শ্রেণির ছাত্ররা সমাজবিজ্ঞানের খাতায় নম্বর দেওয়া নিয়ে শিক্ষক আবদুল হকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনে। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে সে (তূর্য) নাক চুলকাচ্ছিল। এ সময় ওই শিক্ষক স্টিলের স্কেল দিয়ে তাকে পেটাতে শুরু করেন। এতে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে সহপাঠীরা তাকে আহত অবস্থায় বাড়ি নিয়ে যায়।
নূর আরাফাতের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষকের নির্যাতনের শিকার ছেলেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন। এখন সে স্কুলে যেতে ভয় পাচ্ছে। এ ঘটনায় গতকাল তিনি লিখিত অভিযোগ করলে স্কুল কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে।
মারধরের ব্যাপারে শিক্ষক আবদুল হক বক্তব্য দিতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র ও শিক্ষক জানান, ওই শিক্ষক প্রায়ই ছাত্রদের মেরে রক্তাক্ত করেন। কিন্তু ভয়ে কেউ কিছু বলে না। এর আগে মেহেরপুর সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে থাকার সময় শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় ছাত্রীরা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিল। ওই ঘটনায় কর্তৃপক্ষ তাঁকে বদলি করে এই বিদ্যালয়ে পাঠায়।